নতুন মুদ্রানীতি ঘোষণা কাল
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
ও প্রবৃদ্ধি অর্জন
প্রধান লক্ষ্য
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:১৫
বাজারে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য নতুন মুদ্রানীতি আসছে। একই সঙ্গে জাতীয় বাজেটে ঘোষিত অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনকে সমর্থনও থাকবে নতুন ওই মুদ্রানীতিতে। এ দুই দায়িত্ব ছাড়াও আন্তর্জাতিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ পরিস্থিতির আলোকে বাংলাদেশ ব্যাংক আগামীকাল বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি প্রণয়ন করবে। গত কয়েকবারের মতো এবারের মুদ্রানীতিও সংকোচনমূলক হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
সূত্র মতে,আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন। উত্পাদনশীল খাতে ঋণের জোগান বাড়িয়ে অনুত্পাদনশীল খাতে ঋণপ্রবাহ কমানোর কৌশলই থাকবে নতুন মুদ্রানীতির আরেকটি বড় লক্ষ্য। মুদ্রানীতিতে বিলাসবহুল খাতে ঋণ নিরুত্সাহিত হবে। উত্পাদন ও কৃষিখাতে যাতে কম সুদে ঋণের জোগান থাকে, সে বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ থাকবে। এতে ভোগ বা অনুপাত্দনশীল খাতে ঋণের প্রবাহ কমা এবং উত্পাদন খাতে ঋণের প্রবাহ বাড়ানোর কারণে এই দু’দিক থেকে মানুষের মধ্যে মূল্যস্ফীতির প্রত্যাশা কমে গিয়ে মূল্যস্ফীতির হারে নিম্নগতি দেখা দেবে। অন্যদিকে, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাজারে মুদ্রা সরবরাহের ব্যবস্থা থাকবে নতুন এ মুদ্রানীতিতে।