জামায়াত নেতা শাহ জালাল চৌধুরীর জামিন নামঞ্জুর

উখিয়ার বৌদ্ধ মন্দিরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় আটক জেলা জামায়াত নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ জালাল চৌধুরীর জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার পশ্চিম রত্না বৌদ্ধ বিহার ভাংচুর মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইলে, আদালত তা না-মঞ্জুর করেন।কক্সবাজার আদালতের জ্যেষ্ঠ বিচারক নিশাত সুলতানা দু’পক্ষের বক্তব্য শুনে এ নির্দেশ প্রদান করে আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া প্রজ্ঞামিত্র বৌদ্ধ বিহার ও পশ্চিম মরিচ্যা দিপাংকুর বৌদ্ধ বিহারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় অ্যাডভোকেট শাহ জালাল চৌধুরী সমপ্রতি জামিন পেলেও জাদিমোড়া বৌদ্ধ বিহার এবং পশ্চিম রত্না বৌদ্ধ বিহার হামলার মামলায় আদালত তার জামিন ও রিমান্ড না-মঞ্জুর করেন।