পদ্মা সেতু প্রকল্পে নদীতীর রক্ষায় ঠিকাদার নিয়োগ

ভাঙ্গনের হাত থেকে পদ্মা সেতু প্রকল্পের জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ডসহ আশ-পাশের এলাকা রক্ষার জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। একটি ভারতীয় ও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান যৌথভাবে এ কাজটি করবে। গতকাল মঙ্গলবার সেতু ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৯৭ কোটি টাকার এ প্রকল্পে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় দুই কিলোমিটার তীর রক্ষার কাজ করা হবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপির উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম এবং ভারতীয় ইন্ফ্রা প্রজেক্ট লিমিটেড ও এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড জেভি-র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মো: মহিউদ্দিন মুহিন। সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোগাযোগমন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে নদী তীর রক্ষার কাজ শুরু হবে। এই কাজ পদ্মা সেতুরই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এক মাসের মধ্যে প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি বলেন, পদ্মার মূল সেতু নির্মাণ কাজ এ সরকারের আমলেই শুরু হবে, শেষ না হলেও কাজ এগিয়ে রাখবে। ফেব্রুয়ারির মধ্যে নিশ্চিত হবে কারা অর্থায়ন করবে। তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থে পদ্মা সেতু হলে ভাল হতো। তবে সামনে নির্বাচন, অনিশ্চয়তা রেখে নির্বাচনের ঝুঁকি নেয়া যায় না।