জগন্নাথ ভার্সিটির সামনে দুই বাসে শিবিরের আগুন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বাহাদুর শাহ পার্কে দাঁড়িয়ে থাকা দুটি বাস গতকাল মঙ্গলবার জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তরা জামায়াত-শিবির কর্মী কিনা—এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য মেলেনি। তবে সূত্রাপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্বৃত্তরা শিবির কর্মী হতে পারে। এদিকে সোমবার মতিঝিল, দৈনিক বাংলা ও সচিবালয় এলাকায় জামায়াত-শিবিরের হামলার ঘটনায় ৪টি থানায় ৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ঘটনার দিন আটক ৫২ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অন্যদিকে শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও লক্ষ্মীপুরে শিবির আজ অর্ধদিবস হরতাল ডেকেছে। ঢাকার বাইরে দেশের বিভিন্নস্থানে গতকাল জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসব ঘটনায় পুলিশ ৭৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বিপরীতে বাহাদুর শাহ পার্কের পাশে দাঁড় করিয়ে রাখা স্কাইলাইন পরিবহনের বাস দু’টিতে আগুন দেয়া হয়। একটি বাসের চালক নাজির হোসেন জানান, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে সদরঘাট আসার পর বাহাদুর শাহ পার্কের কাছে রাস্তার পাশে গাড়ি রেখে ভিতরে বসে নাস্তা করছিলেন। হঠাত্ ২০-২৫ জন যুবক এসে বাসে উঠে তাদের মারধর করে এবং পরে বাস থেকে নামিয়ে দিয়ে তাতে আগুন দেয়। এ সময় দুর্বৃত্তরা তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ ঘটনায় নাজির হোসেন বাদি হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি মামলা করেছেন।
এদিকে বেলা ১২টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনের কাঁচ ভাংচুর করে। কাফরুল থানার ওসি জানান, যাত্রীবেশে বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থান নিয়ে হঠাত্ মিছিল বের করে তারা। ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
সোমবার মতিঝিল ও পল্টন এলাকায় জামায়াত-শিবিরের হামলার ঘটনায় পল্টন থানায় দুটি মামলা করেছেন এসআই বাবুল হোসেন ও এসআই আবদুল জলিল। এর মধ্যে পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় ফৌজদারী আইনে অপর মামলাটি হয়। এসব মামলায় আসামি হিসেবে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এমরান, রিংকু, মানিক, নাদিম, রকিসহ ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় বাকি চারজন পলাতক বলে জানান পল্টন থানার ওসি সারোয়ার হোসেন। গ্রেফতারকৃতরা সকলেই শিবির কর্মী বলে জানান ওসি।
মতিঝিল এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় ওইদিন রাতেই এসআই বেলায়েত হোসেন ও এসআই সুমন চন্দ্র দে বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৬০ জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় দুটি মামলা করেন। এসব মামলায় ৩০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ দু’টি মামলায় অজ্ঞাতনামা ৪-৫ শ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে সোমবার ঘটনার সময় গ্রেফতারকৃত ৫২ জনকে গতকাল আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করেন সংশ্লিষ্ট থানার মামলার তদন্ত কর্মকর্তারা। এর মধ্যে ৫০ জন শিবির কর্মী ও ২ জন ছাত্রদল নেতা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা দায়ের করেছেন সূত্রাপুর থানার এস আই রবিউল ইসলাম। ওই মামলায় ঘটনার সময় আটক ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন ও কর্মী আল নোমানকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় আরও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম।
চৌদ্দগ্রামে মিছিলে পুলিশের বাঁধা-গুলি, আহত ১৫, গ্রেফতার ৭
কুমিল্লা প্রতিনিধি জানান, সোমবার রাত থেকে গতকাল পর্যন্ত পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৭ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গতকাল বিকালে চৌদ্দগ্রামে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাংচুরের চেষ্টাকালে পুলিশ বাঁধা দেয় ও পরে গুলি চালালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মী আহত হয়।
আহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে- আরিফ (২৬), জুয়েল (২০), উজ্জল (২২), রাকিব (২২), রবিউল (২০), আবদুল হাই (২০), আলী (২৪), হেলাল (২৯), আনোয়ার (২৯)। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে কর্মীরা মহাসড়কে উঠে গাড়ি ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝটিকা মিছিলে বাঁধা দেয় ও পরে ৫টি গুলি ছুঁড়ে জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আজ অর্ধদিবস হরতাল
রাজশাহী অফিস জানায়, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহবান করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল আহবানের কথা জানান।
এদিকে সোমবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকায় ছাত্রশিবিরের মিছিল থেকে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জনতা এক ছাত্রশিবির নেতাকে গণধোলাই দিয়েছে। এসময় ছাত্রশিবিরের অন্য নেতাকর্মীরা এসে তাকে জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। অন্যদিকে, নগরীর বিনোদপুরে সোমবার সকালে পুলিশের উপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১০ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০/৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মতিহার থানায় মামলা হয়েছে। মতিহার থানার এসআই মাসুদ রানা বাদি হয়ে এ মামলা করেন।
লক্ষ্মীপুরে অর্ধদিবস হরতাল
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, শিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আতিকুর রহমানসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবির। গতকাল দুপুরে শিবিরের দলীয় কার্যালয়ে শহর শাখা শিবিরের সভাপতি আবদুল আউয়াল রাসেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শহরের উত্তর তেমুহানী এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনাজপুরে গ্রেফতার ১৮
দিনাজপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, পুলিশ-শিবির সংঘর্ষের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ৫৮ জনের নাম উল্লেখসহ শতাধিক শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে কোতয়ালী থানার এসআই আব্দুস সোবহান বাদি হয়ে মামলা করেন।
ঝিনাইদহে ১৮ জন গ্রেফতার
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, সোমবার রাতে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৮ জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরায় গ্রেফতার ১২
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা সদর থানা পুলিশ সোমবার রাতবর অভিযান চালিয়ে ১২ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরা হলেন জামায়াত নেতা শেখ জিল্লুর রহমান (৪৬), আবু তালেব (৪০), মজনু মোল্লা (৪৫), গোলাম রহমান (৪০), নাজমুল (২৮), আব্দুর রাজ্জাক (১৮), সাইফুল্লাহ (২০), শেখ ফারুক হোসেন (২২), জিয়ারুল ইসলাম (২২), বাবলু (৩২), আক্তারুজ্জামান (৩৫) এবং সাফিনুর (২৫)।
রামুতে ইউনিয়ন আমীরসহ ৪ জামায়াত নেতা গ্রেফতার
রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, রামুতে দাঙ্গা ও নাশকতা সৃষ্টিকারী সন্দেহে ৪ জামায়াত নেতাকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন কাউয়ারখোপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ (৪২), মাওলানা মোহাম্মদ বেলাল (৪০), সিরাজুল ইসলাম (৩২) ও মুফিজুর রহমান (৪৫)।
কুমারখালিতে শিবিরের ৩ কর্মী গ্রেফতার
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, সোমবার গভীর রাতে কুমারখালি থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন শিবির কর্মীকে গ্রেফতার করে। এরা হলেন চয়েন (৩০), নাসির (৩০) ও হাফিজুল (৩০)।
জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ
সারাদেশে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউসুফ মোল্লা, সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী, কৃষক লীগ সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, শ্রমিক লীগ সভাপতি সোহেল ইমরোজ তালুকদার লিটন, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি ইলিয়াস তালুকদার, যুবলীগ নেতা রফিক তালুকদার, সাইদুল সরদার সবুজ আকন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে শহীদ সাটু হলের সমানে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ছাত্রলীগ। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শেষে একই স্থানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান।
নরসিংদী প্রতিনিধি জানান, সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে জমায়েত হয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি শামীম নেওয়াজ মিছিলে নেতৃত্ব দেন।