‘নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী-কর’ত্রাণ মহাপ্রাণ, আন’ অমৃতবাণী’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানমালা। এর আগে অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এর পর সংস্থার শিল্পীরা পর পর সমবেত কণ্ঠে পরিবেশন করেন দুইটি গান ‘হে নূতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ ও ‘আকাশ ভরা সূর্য তারা’।
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তিনদিনের এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও শিল্পী সাজেদ আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সালমা আকবর ও পিযুষ বড়ুয়া। সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি ও শিল্পী প্রমোদ দত্ত। গতকাল প্রথম দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন।
এদিন শিল্পীদের মধ্যে ছিলেন- আবদুল ওয়াদুদ, সাঈদা হোসেন পাপড়ি, রাবেয়া আক্তার, শাকিল হাশমি, নাসরিন আক্তার, সেলিনা হুদা, টিপু চৌধুরী, সুমাইয়া ফারাহ খান, কাকলী গোস্বামী, মেহনাজ হোসেন, সুচিত্রা চক্রবর্তী, শিল্পী রায়, সুমি চক্রবর্তী, উত্তম সাহা, টিংকু শীলসহ আরো অনেকে। তারা একে একে পরিবেশন করেন- আমার এই পথে চাওয়াতেই আনন্দ, সখী ভাবনা কাহারে বলে, সেই তো আমি চাই, তোমায় গান শোনাবো, বিরহ মধুর হলো আজি, কোন সুদূর হতে আমার, মেঘ বলেছে যাব যাব, অনেক কথা যাও যে বলে, আমি তোমারি মাটির কন্যা, মনে রবে কিনা রবে আমারে ইত্যাদি। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার বেলায়েত হোসেন।
অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন আজ শুক্রবার বিকালে একই মঞ্চে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশন করবেন সংস্থার শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরা।
এশিয়াটিক সোসাইটিতে ‘আমিনা বশীর স্মৃতি বক্তৃতা :এশিয়াটিক সোসাইটির আয়োজনে ‘শিল্পকলায় নারী: ইউরোপে ও ভারতবর্ষে আদিম যুগ থেকে মধ্যযুগ’ শীর্ষক একক বক্তৃতা দিলেন সাহিত্যিক হাসনাত আবদুল হাই। গতকাল বৃহস্পতিবার ‘আমিনা বশীর স্মৃতি ট্রাস্ট ফান্ডের আয়োজনে এ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট ফান্ডের আহ্বায়ক মো. আব্দুর রহিম। সভাপতিত্ব করেন ট্রাস্ট ফান্ডের চেয়ারপার্সন অধ্যাপক পারভিন হাসান।