প্রধানমন্ত্রীর সাক্ষাত্ পেলেন না গোল্ডস্টেইন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:২৫
প্রধানমন্ত্রীর সাক্ষাত্ পেলেন না বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন। চলতি জানুয়ারি মাসেই দায়িত্বের তিন বছর পূরণ করে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন তিনি। বিদায়ের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত্ প্রার্থী হয়েও সাড়া পাননি গোল্ড স্টেইন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে দায়িত্ব পালন শেষে ফিরে যাওয়ার পূর্বে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন তিনি। চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের যে কোন সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গত ২৩ জানুয়ারিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. আবুল কালাম আজাদের কাছে পত্র প্রেরণ করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। কিন্তু গোল্ডস্টেইনের সাথে সাক্ষাত্ করার বিষয়ে কোন মতামত প্রধানমন্ত্রীর দফতর থেকে পাওয়া যায়নি। আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকার মিশন প্রধানের দায়িত্ব নিচ্ছেন ভারতীয় নাগরিক সালমান জাহির। বর্তমান আবাসিক প্রতিনিধি গোল্ডস্টেইন বাংলাদেশ ছাড়াও নেপালের মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ সালে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর চলতি জানুয়ারি মাসে তার দায়িত্বের তিন বছর পূরণ হচ্ছে। নতুন আবাসিক প্রতিনিধি না আসা পর্যন্ত বর্তমানে দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক ভারতীয় নাগরিক সালমান জাহির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি হিসাবে বাংলাদেশ ও নেপালে দায়িত্ব পালন করবেন। আর শীঘ্রই নতুন আবাসিক প্রতিনিধি নিয়োগ দেয়া হবে বলেও বিশ্বব্যাংকের পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছে। বাংলাদেশে দায়িত্ব পালনকালে পদ্মা সেতু নিয়ে চলমান টানাপড়েনে বর্তমান সরকারের সাথে গোল্ডস্টেইনের দূরত্ব তৈরি হয়। দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ায় পদ্মা সেতু প্রকল্পের সাথে তার নাম স্মরণীয় হয়ে থাকবে -এমন মন্তব্যের কড়া সমালোচনাও করেন অর্থমন্ত্রী।