পদ্মা সেতু প্রসঙ্গে অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের মনোভাব জানতে ওয়াশিংটন যেতে চাচ্ছি

গতকাল সন্ধ্যায় সফররত সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী শেখ লুবনা বিনতে খালেদ আল কাশিমী’র সঙ্গে বৈঠক শেষে পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পদ্মা সেতুর অর্থায়নে জটিলতা নিরসনে বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে আগামী মাসে সাক্ষাত্ করার জন্য সময় চেয়ে চিঠি দেয়া হয়েছে। ‘বিশ্বব্যাংকের মনোভাব জানার জন্যই ওয়াশিংটন যেতে চাচ্ছি’ বলে উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমান রূপরেখা দিয়েই সরকার দ্রুত পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে চায়। অন্য যেসব প্রস্তাব আছে সেগুলো সময় সাপেক্ষ। অন্যদিকে প্রধানমন্ত্রী বিকল্প অর্থায়নের যে কথা বলছেন, সেটাও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। তবে এতেও দেরি হবে, ছয় মাস পেছাতে পারে। অর্থমন্ত্রী বলেন, তবে এখন পদ্মা সেতু প্রকল্পে যে চার প্রতিষ্ঠান আছে (বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও আইডিবি) তাদের ধরে রাখতে পারলেই সবচেয়ে ভালো। এখান থেকে এক-আধজন যদি খসে পড়ে যায়, তাহলে অর্থ যোগাড় করাটা আমাদের জন্য কষ্টকর হবে, কিন্তু পারবো।