দীপিকার আজকাল
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
হিন্দি সিনেমায় গত পাঁচ বছরের পদচারণায় অনেকটা এগিয়েছেন দীপিকা পাড়ুকোন। এখন বলিউডের জনপ্রিয় ও প্রতিষ্ঠিত নায়িকাদের কাতারে তার অবস্থান। তার ভক্ত অনুরাগীর সংখ্যাও বাড়ছে হু হু করে। জনপ্রিয় প্রতিষ্ঠিত নির্মাতাদের ছবিতে তাকে দেখা যাচ্ছে নিয়মিত। অভিনেত্রী হিসেবে এখন তাকে অনেকটা পরিণত মনে করছেন দর্শক-সমালোচকরা। আজকাল ব্যতিক্রমধর্মী ভিন্ন ট্র্যাকের চরিত্রে দীপিকার পারফর্মেন্স সবাইকে আলোড়িত করছে। সাম্প্রতিক সময়ে ‘রেস-২’ ছবিতে তার আকর্ষণীয় পর্দা উপস্থিতির পাশাপাশি অনেকটা নেগেটিভ ইমেজের রোলে মানানসই অভিনয় দেখে স্বাভাবিকভাবেই চমকিত হয়েছেন দর্শক। এ ছবিতে নতুন এক দীপিকাকে যেন আবিষ্কার করেছেন সবাই। দীপিকার ভিন্নরূপে পর্দায় আবির্ভাব এবং তার ক্যারিয়ারের সাম্প্রতিক অবস্থার কথা তুলে ধরেছেন রেজাউল করিম খোকন
গেল সপ্তাহে মুক্তি পেয়েছে আব্বাস-মাস্তান পরিচালিত ‘রেস-২’ ছবিটি। শ্বাসরুদ্ধকর থ্রিল সাসপেন্সপূর্ণ এ ছবিটিকে ঘিরে দর্শকদের অনেক কৌতূহল ছিল। এ ছবিতে দর্শকদের জন্য অনেক চমক, অনেক সারপ্রাইজ ছিল। ‘রেস-২’ ছবির সবগুলো প্রধান চরিত্রে এক ধরনের নেগেটিভ শেড ছিল। তাদের সবার আচরণ, কথাবার্তা, কর্মকাণ্ড দেখে মনে হয়েছে প্রত্যেকেই তার নিজের মতলব হাসিলে সচেষ্ট। তেমনি একটি চরিত্রে ইলিনা। দেখতে দারুণ স্মার্ট, চোখ ধাঁধানো রূপ তার—এই তরুণী তার রূপ ও মেধা সবকিছু নিজের উদ্দেশ্য হাসিলে ব্যবহার করছে। যেকোনো মূল্যে তার প্রত্যাশিত বস্তুটি পাওয়া চাই। সেই ইলিনা চরিত্রটি রূপায়ণের মাধ্যমে হিন্দি সিনেমার দর্শকদের সামনে ভিন্নরূপে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন। গত পাঁচ বছরে তাকে যে ধরনের রোলে দেখা গেছে বিভিন্ন ছবিতে, তা থেকে ‘রেস-২’-এর ইলিনা চরিত্রটিকে সম্পূর্ণ আলাদা এবং নতুন মনে হয়েছে। পরিচালক আব্বাস-মাস্তানের প্রতিটি ছবিতেই এমনিতেই অনেক চমক থাকে। এর আগে তাদের বিভিন্ন ছবিতে বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়াকে রীতিমতো খলনায়িকারূপে পর্দায় উপস্থিত হতে দেখা গেছে। তারা নারী ভিলেন হিসেবে সেরা অভিনয়ের প্রমাণ দিয়ে পুরস্কারও পেয়েছেন। ‘রেস-২’ নেগেটিভ ধাঁচের হলেও শেষ পর্যন্ত দীপিকা সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি এ ছবিতে আমার অভিনীত চরিত্রেটিকে রূপায়ণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি বটে, তবে এ ধরনের একটি চরিত্রকে বাস্তবে আইডেন্টিফাই করতে পারিনি। আগে তেমন চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। আমার জন্য এটা নতুন এক অভিজ্ঞতা ছিল। আমি ইলিনা চরিত্রটিকে নেগেটিভ বলব না। তাকে খারাপ মেয়েও বলা যাবে না। তবে কোনো জিনিস হাসিলের জন্য সে যে ধরনের পথ অনুসরণ করে তা দেখে কেউ কেউ খারাপ ভাবতে পারেন তাকে। বাস্তবে আমি সে রকম মেয়ে নই। তেমন, কোনো খারাপ প্রবণতা আমার মধ্যে নেই। তাই এ রকম, একটি চরিত্রকে পর্দায় রূপায়ণ করাটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল বৈকি।’
বলিউডে এরমধ্যে ৫ বছর সময় পার করেছেন দীপিকা পাড়ুকোন, ২০০৭-এ ‘ওম শান্তি ওম’ ছবিটি দিয়ে তার অভিষেক হয়েছিল হিন্দি সিনেমায়। শাহরুখ খানের মতো সুপারস্টারের বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছিল ক্যারিয়ারের শুরুতেই। যা একজন নবাগত অভিনেত্রীর জন্য বিরাট প্রাপ্তি ছিল সন্দেহ নেই। এরপর দীপিকা অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সাইফ আলি খান থেকে শুরু করে আজকের প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর, ইমরান খানের সঙ্গে বিভিন্ন ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন। ফারাহ খান দীপিকাকে ব্রেক দিয়েছিলেন হিন্দি সিনেমায়। এরপর ইমতিয়াজ আলি, প্রকাশ ঝা, আশুতোষ গোয়ারিকারের ছবিতে তাকে প্রধান নারী চরিত্রে দেখা গেছে। রোমান্টিক তরুণী থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াকু এক ঐতিহাসিক নারী চরিত্রেও দীপিকাকে সিনেমার পর্দায় দেখা গেছে। গ্ল্যালামারাস ইমেজেও যেমন তিনি বাজিমাত করেছেন তেমনি সাদামাটা সাজে সাধারণ আটপৌরে নারীরূপেও পর্দায় উপস্থিত হয়ে মেধার স্বাক্ষর রেখেছেন।
‘রেস-২’ ছবিতে সাইফ আলি খানের বিপরীতে চতুর্থবারের মতো দীপিকাকে দেখা গেছে। এর আগে তারা দু’জন একসঙ্গে ‘লাভ আজকাল’, ‘আরাকশন’ এবং ‘ককটেল’ ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ‘লাভ আজকাল’ এবং ‘ককটেল’ বক্স অফিসে বড় ধরনের সাফল্য লাভ করেছে। ‘রেস-২’ মুক্তির আগেই এ ছবিতে সাইফ-দীপিকা জুটির হট কেমিস্ট্রি নিয়ে দর্শক মনে আলাদাভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এ ছবিতে দীপিকা বিকিনি গার্ল হিসেবে আবার পর্দায় উপস্থিত হয়েছেন। এর আগে গত বছরের অন্যতম ব্যবসাসফল ছবি ‘ককটেল’-এ তাকে এমন হট ইমেজে দেখা গেছে। নিজের সৌন্দর্য উদারভাবে ক্যামেরার সামনে তুলে ধরার ক্ষেত্রে, দীপিকার মধ্যে তেমন কোনো গোঁড়ামি নেই। কিন্তু তাই বলে পর্দায় অযথা নিজেকে খোলামেলাভাবে তুলে ধরার মতো মেয়ে নন দীপিকা।
গত বেশ কয়েক বছর ধরে লাগাতার ব্যর্থতার পর দীপিকা গত বছর ‘ককটেল’ ছবির মাধ্যমে আবার বড় ধরনের সাফল্যের স্বাদ পেয়েছেন। যার মাধ্যমে তার ক্যারিয়ারের ঔজ্জ্বল্য ফিরে এসেছে। নিজের উপর আস্থা ফিরে পেয়েছেন দীপিকা। এ বছর ‘রেস-২’ দিয়ে দীপিকার নতুন উদ্যমে জয়যাত্রা শুরু হয়েছে। এ বছরে তাকে দেখা যাবে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের বিপরীতে তামিল সিনেমা ‘কোচাদাইয়ান’-এ। রণবীর কাপুরের সঙ্গে আবার অনেকদিন পর দীপিকা অভিনয় করছেন ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে। বলিউডে শাহরুখ খানের নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করা দীপিকাকে এ বছর আবার তার নায়িকা হিসেবে দেখা যাবে রোহিত শেঠির অ্যাকশন কমেডি রোমান্টিক ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এ। শাহরুখ-দীপিকা জুটির এ ছবিটি বছরের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রখ্যাত চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালি বিশ্বখ্যাত প্রেম কাহিনী ‘রোমিও জুলিয়েট’ অবলম্বনে ভারতীয় সামাজিক পটভূমিতে ‘রাম-লীলা’ ছবিটি নির্মাণ করছেন। এখানে ভারতীয় জুলিয়েট লীলা চরিত্রে রূপদান করছেন দীপিকা। এখানে তার নায়ক রণবীর সিং। ‘রাম-লীলা’ ছবিটিও দীপিকার অভিনয় জীবনে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে। গত পাঁচ বছরের পথ চলায় বেশ অনেকটা এগিয়ে দীপিকা। ‘মনে হয় মাত্র গত কাল শুরু করেছি। প্রথম যখন বলিউডে পা রেখেছিলাম তখন সব কিছুই অচেনা এবং অস্পষ্ট ছিল আমার কাছে। আমি তখন ২১ বছর বয়সী একজন তরুণ। মুম্বাই শহরে নতুন। বলিউডে তখন কারও সাথে জানাশোনাও ছিল না, কিন্তু আমি এখন নিজেকে অনেকটা শক্ত ভিত্তির উপর ভাবতে পারছি, আত্মবিশ্বাসের মাত্রাটাও বেড়েছে,’ আজকের অবস্থানের কথা এভাবে প্রকাশ করেন তিনি। খ্যাতি ও জনপ্রিয়তা দীপিকাকে সুপারস্টার পর্যায়ে নিয়ে গেছে এরমধ্যেই। ‘আমি নিজেকে স্টার মনে করি না নিজেকে আমি আমার বয়সী অন্যান্য মেয়েদের মতোই ভাবি। অন্য মেয়েরা যেমন চাকরি করছে কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত রয়েছে আমিও ঠিক তাদের মতোই একজন। তাদের মতো আমিও কাজ করছি, রাতদিন পরিশ্রম করছি। আমি যে কাজটি করছি তা বেশ ভালোভাবেই উপভোগ করছি অন্য সবার নিজ নিজ কাজের মতো। এরমধ্যে কোনো তফাত্ নেই, দীপিকা এভাবেই নিজের স্টার স্ট্যাটাসের বর্ণনা দেন।
সেই ‘ওম শান্তি ওম’ থেকে আজকের ‘রেস-২’ পর্যন্ত পাঁচ বছরের পথ চলায় প্রতিটি সিনেমায় অভিনয় করতে গিয়ে নতুন নতুন অনেক বিষয় শিখছেন বলে জানান দীপিকা। ‘প্রতিটি ছবিতেই নতুন নতুন অনেক কিছুই শেখার সুযোগ পাচ্ছি। পরিচালকদের কাছ থেকে যেমন শিখছি তেমনিভাবে সহশিল্পীদের সঙ্গে অভিনয় করতে গিয়ে এবং অভিনয়ের বাইরে পারস্পরিক মেলামেশা ও কথাবার্তার মাধ্যমেও অনেক বিষয় শেখা হচ্ছে। আমি এভাবেই নিজেকে অভিজ্ঞ ও সমৃদ্ধ করে তুলছি,’ এভাবেই নিজের এগিয়ে যাওয়া সম্পর্কে জানালেন দীপিকা।