সমাপ্ত হলো ৭ দিনব্যাপী মধুমেলা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৪
যশোর
দেশের অন্যতম প্রধান জাতীয়তাবাদী কবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৯তম জন্মবার্ষিকী উদযাপনে গত ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বাত্সরিক ও ঐতিহ্যবাহী মধুমেলা অনুষ্ঠিত হয়েছে। এই কিংবদন্তি কবি ও নাট্যকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছর মধুমেলার আয়োজন করা হয়ে থাকে। ৭ দিনব্যাপী এই মেলার অন্তর্গত বিষয়াবলির মধ্যে উল্লেখযোগ্য—সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, নাটক, নৃত্য এবং প্রাসঙ্গিক নানা বিষয়ে আলোচনা। এবার নিয়ে পরপর ৫ বারের মতো বাংলালিংক মধুমেলার পৃষ্ঠপোষকতা করেছে। এই মেলার আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন। মধুমেলার ৫ম দিনে মধুকবির নামে দুটি পদক দেওয়া হয়েছে। এ বছর মহাকবি মধুসূদন পদক পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার। এ ছাড়া মহাকবি মধুসূদন বিশেষ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন বিশিষ্ট লেখক ও মাইকেল মধুসূদন গবেষক ড. গোলাম মূরর্শিদ। পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইকেল গবেষকরা ও বাংলালিংকের কর্মকর্তাবৃন্দ। বছরের পর বছর ‘মধুমেলা’ উদযাপনের মধ্য দিয়ে মেলাটি এখন খুলনার সবচেয়ে বড় বিনোদনমূলক অনুষ্ঠানে পরিণত হয়েছে।