৩ দিনব্যাপী ছড়া উত্সব অনুষ্ঠিত

কিশোরগঞ্জ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ছড়ায় ছন্দে গড়ি দেশ, মুক্তচিন্তার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে তুলে ধরে ৩ দিনব্যাপী নবম কিশোরগঞ্জ ছড়া উত্সব গত ২০ জানুয়ারি সমাপ্ত হয়েছে। সাহিত্য সংগঠন জেগে ওঠো নরসুন্দা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এই ছড়া উত্সবের আয়োজন করে। ছড়াকার-কবি ও সংস্কৃতিকর্মীদের পদচারণায় মুখরিত ছিল উত্সব আঙ্গিনা। গত ১৮ জানুয়ারি ছড়া উত্সব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দেশের প্রখ্যাত ছড়াকার ও বিশিষ্ট শিশু সংগঠক রফিকুল হক দাদুভাই। এর আগে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। তিন দিনব্যাপী অনুষ্ঠানকে বিভিন্ন পর্বে সাজানো হয়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ছড়া উত্সব পরিচালনা পর্ষদের আহ্বায়ক ও দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আবুল কাশেম। তা ছাড়াও বক্তব্য রাখেন রফিকুল হক দাদুভাই, মাহমুদউল্লাহ, বকুল হায়দার, আহমেদ জসীম, আদিত্য রুপু, স্বপন ধর, এম আর মনজু, মহিউদ্দিন আকবর, তৌহিদুল ইসলাম কনক, স্বাধীন শুভ নীল, অ্যাডভোকেট এমএ আফজল প্রমুখ। অন্যান্য পর্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আখতার উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া, নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব শাকুর মজিদ। আলোচনা পর্ব ও প্রবন্ধ পাঠে অংশ নেন আবু খালেদ পাঠান, অধ্যাপক মীর রেজাউল করিম, মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জাকির জাফরান, সাইয়িদ আহমদ, রহমান সিদ্দিকী, মু. আ. লতিফ, ঊষা রাণী দেবী, অধ্যক্ষ গোলশান আরা বেগম, অ্যাডভোকেট শাহ আজিজুল হক, অ্যাডভোকেট নবী হোসেন, কাজী আবুল এহসান অপু, মোশররফ হোসেন শাহজাহান, অসীম সরকার বাঁধন, কামরুন নাহার লুনা প্রমুখ। এবার চিত্রশিল্পে অবদান রাখার জন্য ‘সুকুমার রায় সাহিত্য পদক’ লাভ করেন বিশিষ্ট চিত্রশিল্পী এমএ কাইয়ূম। এ ছাড়া সমাপনী দিনে উত্সব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।