বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের নিজস্ব ব্যবস্থাপনায় চালু হলো ‘পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস্ এন্ড ট্রাভেলস’্। দেশে-বিদেশে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের লক্ষ্যে এ ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলসে্র যাত্রা। এখান থেকে টিকিট ক্রয়, ভিসা প্রসেসিং, হজ-ওমরাহ, হোটেল বুকিং, সাইট সিইং ইত্যাদি সেবাসমূহ একই ছাদের নিচে পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশপ্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গুলশানস্থ পুলিশ প্লাজা কনকর্ডে আনুষ্ঠানিক পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলসে্র লোগো উন্মোচন করে এর উদ্বোধন ঘোষণা করেন।
আইজিপি বলেন, আমাদের দেশে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের সেবা প্রদানের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা। সেক্ষেত্রে, পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলস্ ভ্রমণ পিপাসু বাংলাদেশিদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে সক্ষম হবে। তিনি দেশে ও দেশের বাইরে আকর্ষণীয় পর্যটন স্পটে স্বল্পমূল্যে নতুন নতুন ভ্রমণ প্যাকেজ নিয়ে আসার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তিনি গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (অর্থ ও উন্নয়ন) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি (এফএন্ডডি) ও পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান মুহম্মদ তারিক, কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল এবং ব্যবসায়িক পরিচালনা কমিটির সভাপতি এম খোরশেদ আলম। পরে আইজিপি পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলে আয়োজিত বাত্সরিক র্যাফেল ড্রয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।