গণমাধ্যমের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়নি:তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া সুন্দর দেশ বা সমাজ গঠন করা সম্ভব নয়। সুন্দর দেশ গঠনে গণমাধ্যমের বিকাশ ও মুক্তগণমাধ্যম অপরিহার্য। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর গত এক-দুই বছরে কোনো ধরনের বাড়তি চাপ সৃষ্টি করা হয়নি। গতকাল  জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-গণমাধ্যম চিত্র : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন মতপ্রকাশের অবস্থা ক্রমেই সংকুচিত হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ চার ধাপ পিছিয়েছে। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাংবাদিককে গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে, স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান, আবদুল কাইয়ুম, কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও বাংলাদেশ পরিস্থিতি’ বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন গাজী টিভির নির্বাহী সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। সঞ্চালনা করেন ভোরের কাগজ’র সম্পাদক শ্যামল দত্ত।