মহিলা বিশ্বকাপ ক্রিকেট

ভারত-উইন্ডিজ লড়াই দিয়ে শুরু

হয়তো টুর্নামেন্টটি নিয়ে গোটা ক্রিকেট বিশ্বের আগ্রহের পরিমাণ খুবই সীমিত। তবে, এটাও এক বিশ্বকাপ। এখানেও ব্যাট-বলের লড়াইয়ে কোন দলই কাউকে ছাড় দেবে না। আজ থেকে ভারতে শুরু হতে যাচ্ছে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। পুরো টুর্নামেন্টই মুম্বাইয়ের বিভিন্ন স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও সেখানে পাকিস্তান দলের নিরাপত্তার আশংকায় এক সপ্তাহ আগে টুর্নামেন্টের সূচি পুন.নির্ধারণ করতে বাধ্য হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শিব সেনাসহ ডানপন্থি রাজনৈতিক দলগুলো মুম্বাইয়ে পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটানোর হুমকি দেয়ার প্রেক্ষিতে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ‘বি’ গ্রুপের সকল ম্যাচ কটকে আয়োজনের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলেও পাকিস্তানের ম্যাচগুলো কটকেই অনুষ্ঠিত হবে। কিন্তু ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে পাকিস্তান দলকে মুম্বাই সফর করতে হবে। ভারতীয় অধিনায়ক মিথালী রাজ জানান, পাকিস্তান দলের বিরুদ্ধে বিক্ষোভ হওয়ায় তিনি হতাশ। বার্তা সংস্থা এএফপিকে রাজ বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ক্রীড়াঙ্গনে রাজনীতি টেনে আনা ঠিক নয়। আনন্দ উপভোগ করা এবং মজার পরিবেশ সৃষ্টির জন্যই খেলাধুলা। সুতরাং এখানে রাজনীতিকে খুব বেশি টেনে আনটা উচিত নয়।’ ২০১১ সালের পুরুষ বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে শেষ মুহূর্তে মহিলা বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেয়ায় প্রস্তুতিতেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে দলগুলোর জন্য। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক ভারতকে নিয়ে গঠিত ‘এ’ গ্রুপের ম্যাচগুলো মুম্বাইর তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৯৭৫ সালে প্রবর্তিত পুরুষ বিশ্বকাপের আসন্ন আসর নিয়ে উত্তেজনায় ভরপুর মহিলা ক্রিকেটাররা। তবে তাদের মধ্যে কিছুটা ক্ষোভও আছে। খেলোয়াড়ি জীবনে পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া ইংলিশ অধিনায়ক চার্লোটি এডওয়ার্ডস বলেন, ‘এটা বলতে দ্বিধা নেই যে, ১৯৭৭ আমি যখন ক্রিকেট খেলা শরু করেছিলাম তখনকার চেয়ে আজকের ক্রিকেটে মহিলাদের স্বীকৃতিটা অনেক কম।’ তিনি আরও বলেন, ‘যে সকল তরুণীরা ক্রিকেট খেলতে চায় আমরা তাদের আকৃষ্ট করতে পারছি। মহিলা ক্রিকেট সম্পর্কে মানুষের ধারণা আমরা অনেকটাই পরিবর্তন করেছি। আশা করছি এমন বার্তা পৌঁছানোর জন্য এ টুর্নামেন্ট আরো এক ধাপ এগিয়ে নেবে।’ গত অক্টোবরে শ্রীলংকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মত এ শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে। অস্ট্রেলিয়া দলে রয়েছেন তারকা ফাস্ট বোলার এলিসে পেরি। নিজের দেশের হয়ে ফুটবলও খেলে থাকেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত লিসা স্তালেকার এবং অস্ট্রেলিয়া পুরুষ দলের সাবেক উইকেটরক্ষক ইয়ান হিলির ভাতিজি আলিসা হিলি। নিরাপত্তার শংকায় কটকে বারাবাতি স্টেডিয়াম পাকিস্তান দল নিজেদের নিরাপত্তার চেয়ে ওয়ানডে ক্রিকেটের নতুন নিয়ম নিয়েই বেশি চিন্তিত। দলের অধিনায়ক সানা মির বলেন, ‘সব সময়ের জন্যই বৃত্তের মধ্যে পাঁচজন ফিল্ডার রাখা এবং দুইপ্রান্ত থেকেই নতুন বল ব্যবহারের নতুন এ নিয়মে আমরা কখনোই খেলিনি।’ দুই গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। এখান থেকে শীর্ষ দু’টি দল খেলবে ফাইনাল। - বাসস/এএফপি