সিলেটের এগিয়ে যাওয়ার লড়াই আজ

তার সতীর্থ ব্রায়ান লারা ক্রিকেট ছেড়ে এখন বিপিএলেই চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ঘুরছেন। ছেলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। কিন্তু এখনও সেই ক্ষুধা নিয়ে ক্রিকেট খেলে যাচ্ছেন শিবনারায়ণ চন্দরপল। আজ হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে নিজের প্রথম ম্যাচটা খেলতে মাঠে নেমেও যেতে পারেন। কারণ আজই নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে তার দল সিলেট রয়্যালস আরেকটি লড়াইয়ে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে একদিন বিরতির পর আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় সিলেট ও রংপুরের ম্যাচ দিয়ে শুরু হবে দিনের খেলা। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে রীতিমতো লজ্জা এড়াতে মাঠে নামবে বরিশাল বার্নার্স ও চিটাগং কিংস। গতবার বেশ ভালো ফল করা দুটি দলই এখন পর্যন্ত পয়েন্ট তালিকার তলানিতে পড়ে ধুঁকছে। দু’দলেরই এখন পর্যন্ত একটি মাত্র জয়ে সংগ্রহ ২টি করে পয়েন্ট; বরিশাল ৫ ও চট্টগ্রাম ৪ ম্যাচ খেলেছে। বরিশাল-চট্টগ্রামের এই পরিণতি নিয়ে কিছু জানাটাও কঠিন হয়ে গেল। অন্তত চিটাগং কিংস তারকাখচিত দল নিয়ে কেন এমন ধুঁকছে; সেটা একটা আগ্রহের বিষয় হতে পারত। কিন্তু তাদের অধিনায়ক মাহমুদউল্লাহ ফোন ধরে সোজা বলে দিলেন, ‘খেলা নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না। ক্ষমা করবেন।’ কোড অব কন্ট্রাক্ট বা এরকম কিছু নয়, মাহমুদউল্লাহ’র স্রেফ নাকি স্রেফ খেলা নিয়ে ‘কথা বলতে ইচ্ছে করছে না’। এমন অনিচ্ছার কারণ হিসাবে দলের যাচ্ছেতাই পারফরম্যান্সের কথাই কল্পনা করে নেয়া যেতে পারে। তবে দিনের প্রথম ম্যাচটির চিত্র ঠিক এর উল্টো। প্রথম পাঁচ ম্যাচে অপরাজেয় সিলেট গত ম্যাচে ঢাকার বিপক্ষে হেরে ধাক্কা খেয়েছে। তারপরও ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। আজ নিশ্চয়ই ব্যবধানটা বাড়াতে চাইবে তারা। ব্যবধান বাড়ানোর জন্য প্রতিপক্ষটাও শক্ত। প্রতিপক্ষ রংপুর রাইডার্স এবার বিপিএলে নবাগত। কিন্তু ৫ ম্যাচে ৩ জয়ে পাওয়া ৬ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। ফলে লড়াইটা বেশ জমবে। এই লড়াইয়ের মতোই আগ্রহ থাকবে মাঠে সিলেটের হয়ে চন্দরপলকে নামতে দেখার। এতোদিন সাইডলাইনে বসে দলের খেলা দেখা চন্দরপল কাল একাদশে থাকবেন বলেই মনে হচ্ছে। চন্দরপল নিজে অবশ্য বলছেন, একাদশে নামার জন্য ব্যস্ত নন তিনি। বরং দল যে জয় পাচ্ছে, তাতেই খুশি, ‘আমি যখন খুলনায় এসে দলের সঙ্গে যোগ দিলাম, তখনই তারা তিন ম্যাচ টানা জিতে ফেলেছে। এরপর দল আরও দু’ম্যাচ জিতল। বাইরে বসে নিজের দলকে এভাবে জিততে দেখারও একটা আনন্দ আছে। স্বাভাবিকভাবেই দল ভালো করলে, আমি সুযোগ পেলাম কী পেলাম না, সেটা বড় ব্যাপার নয়।’ আজকের খেলা ভেন্যু: চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম দুপুর ২টা: সিলেট-রংপুর সন্ধ্যা ৬টা: বরিশাল-চট্টগ্রাম কুইন্স পার্ক রেঞ্জার্স ০ ম্যানসিটি ০ স্টোকসিটি ২ উইগান ২ সান্দারল্যান্ড ০ সোয়ানসি সিটি ০দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট সিলেট ৬ ৫ ১ ১০ ঢাকা ৫ ৪ ১ ৮ রংপুর ৫ ৩ ২ ৬ খুলনা ৬ ২ ৪ ৪ রাজশাহী ৫ ২ ৩ ৪ চট্টগ্রাম ৪ ১ ৩ ২ বরিশাল ৫ ১ ৪ ২