এশিয়া এনার্জির সিইওকে প্রতিরোধ করতে কালো পতাকা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৪
এলাকাবাসীর প্রতিরোধের মুখে গত মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি অঞ্চলে কম্বল বিতরণ করতে ঢুকতে পারেননি এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্যারী এন লাই । তাকে প্রতিহত করতে কয়লাখনি অঞ্চলের সর্বত্রই কালো পতাকা উত্তোলন করা হয়।
গোপনে এশিয়া এনার্জির সহযোগীরা কম্বলের টোকেন বিতরণ করে। এরই প্রেক্ষিতে খনি এলাকায় পাহারায় বসে। তবে পরিস্থিতির ঘটায় আশংকায় এবং সরকারের কোন নির্দেশ না থাকায় গ্যারী এন লাইকে খনি এলাকায় না যাওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ কারণে তিনি কম্বল বিতরণ করতে খনি এলাকায় না গেলেও সন্ধ্যায় বিরামপুর উপজেলায় বৈঠক করেন তাদের সহযোগীদের নিয়ে।
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু বলেন, ফুলবাড়িকে নিরাপদ রাখতে গ্যারী লাইদের তাড়াতে তিনজন জীবন দিয়েছে। প্রয়োজনে এবারও জীবন দিয়ে হলেও গ্যারী লাইদেরকে উচিত জবাব দেবে এলাকাবাসী। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, বিকাল ৩টায় গ্যারী লাই না এলেও তার প্রতিনিধি ৪-৫ জনের হাতে কম্বল বিতরণ করে বাকিটা স্থানীয় ইউপি চেয়ারম্যান রওশন আলীর হাতে দিয়ে এলাকা ত্যাগ করেন।