শ্রীলংকার কোচ হচ্ছেন মুরালি-ভাস?
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৪
শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অজিত জয়াসেকারা জানিয়েছেন, দলের স্পিন ও ফাস্ট বোলিং কোচ হিসাবে মুত্তিয়া মুরলিধরন ও চামিন্দা ভাসকে বিবেচনা করছে তারা। কোচ হিসাবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি নেই— তবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে সর্বাধিক উইকেট নেয়া এ দুই সাবেক তারকার ব্যাপারে আমরা মোটামুটি একমত। কবে নাগাদ এ দুজনকে নিয়োগ দেয়া হতে পারে সে ব্যাপারে এসএলসি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও উভয়পক্ষের মধ্যে বেশ সন্তোষজনক আলোচনা হয়েছে। জয়াসেকারা বলেন, ‘আমাদের দেশের মধ্যে তারা সবচেয়ে সেরা খেলোয়াড় ছিলেন এবং পুরো বিশ্ব জুড়েই তারা সাফল্য পেয়েছেন। শ্রীলংকা ক্রিকেটের উন্নতির জন্য আমরা তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। মূলত কোচ হিসাবে তাদের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু তাদের কতটা দেয়ার ক্ষমতা আছে সে বিষয়টি বিবেচনায় আনলে অভিজ্ঞতা না থাকাটা কোনো বিষয় নয়।’-বাসস