বঙ্গোপসাগরে ভারতীয় জেলেরা
বাংলাদেশিদের জাল কেটে দিচ্ছে
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৫
বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা লংঘন করে অনুপ্রবেশকারী ভারতীয় ট্রলার এ দেশের জেলেদের উপর হামলা চালিয়ে জাল কেটে দিচ্ছে। তাই বাধ্য হয়ে বাংলাদেশিরা দুবলার চরসহ বিভিন্ন জেলেপল্লীতে পালিয়ে আসে। পশ্চিমবঙ্গের ট্রলারগুলো আবারও সুন্দরবন সংলগ্ন বলেশ্বর মোহনা, দুবলার চর, মহিপুর ইত্যাদি উপকূলে গত কয়েক দিনে বাংলাদেশি জেলেদের তাড়িয়ে দিয়ে গায়ের জোরে মাছ ধরে নিয়ে যাচ্ছে। দুবলা ফিশার মেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম জানান, ভিএইচএফ অয়ারলেস সজ্জিত ও বিশেষ ট্রলিং করার সুবিধা সম্বলিত উচ্চগতিসম্পন্ন এসব ট্রলার একযোগে বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিদের উপর সন্ত্রাস সৃষ্টি করে। তারা এ দেশি জেলেদের পাতা বেহুন্দি ও ভাসা জালের সামনে ট্রলিং করে জোর করে জাল কেটে দেয়। বাংলাদেশিরা প্রতিবাদ করলে হামলা চালায়। গত তিন দিনে দুবলা ফিশার মেন গ্রুপের অন্তত ৩০ জন জেলের জাল কেটে দেয়ায় তাদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। শামীম আরও জানান, কয়েক মাস আগে নৌ-বাহিনীর টহল বৃদ্ধি এবং ট্রলারসহ বেশ কয়েকজন ভারতীয় জেলে বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় এই প্রবণতা থেমে গিয়ে ছিল। কিন্তু সম্প্রতি আবারও ভারতীয় জেলেদের অনুপ্রবেশ আশঙ্কা জনকহারে বেড়ে গেছে।