কিশোরগঞ্জে স্কুলছাত্রীর মৃত্যু
জড়িতদের শাস্তির
দাবিতে মানববন্ধন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৫
জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় চিকিত্সাজনিত অবহেলার কারণে সদর উপজেলার কাতিয়ারচর সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী ইমার মৃত্যুর জন্য দায়ী সংশ্লিষ্ট চিকিত্সক, নার্স ও ঝাড়ুদারকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠছে এলাকার জনগণ। সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে তারা দু’দফা সড়ক অবরোধ ও হাসপাতাল ঘেরাও কর্মসূচি পালন করে। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন পয়েন্টে পথসভার আয়োজন করে। গতকাল বুধবার আধুনিক হাসপাতালের সম্মুখস্থ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন নাগরিকবৃন্দ ও কাতিয়ারচর সরকারি প্রাইমারি স্কুলের ছাত্র-শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর,কাতিয়ারচর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হেনা আক্তার, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম জুয়েল, নাজমুল আলম নাজমুল, জুনায়েদুল ইসলাম, ইমার পিতা মো. জালালউদ্দিন, স্কুলছাত্রী জ্যোতি প্রমুখ।