ভাটা শ্রমিক হত্যার প্রতিবাদ
বান্দরবানে সকাল
সন্ধ্যা হরতাল পালিত
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৬
ব্রাশ ফায়ারে ইটভাটা শ্রমিককে হত্যার প্রতিবাদে বান্দরবানে বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বুধবার হরতালের সমর্থনে বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে মিছিল-মিটিং করেছে বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। হরতালের কারণে বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-রাঙামাটি অভ্যন্তরীণ সবক’টি রুটে যানবাহন চলাচল বন্ধ থাকে। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহনও। এছাড়াও নৌ-চলাচলও বন্ধ থাকে হরতালের কারণে। দুপুরে ট্রাফিক মোড়ে বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি কামরান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাঙ্গালী নেতা এইচ এম সম্রাট, মোহাম্মদ আতিকসহ নেতাকর্মীরা। তবে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বনভান্ত বিহারে অনুষ্ঠানের কারণে রাঙামাটি জেলায় বুধবারের পরিবর্তে আজ বৃহস্পতিবার হরতাল পালিত হবে।