ফরিদগঞ্জ কমিউনিটি ক্লিনিকে আশানুরূপ চিকিত্সা সেবা পাচ্ছে দরিদ্র জনগোষ্ঠী

উপজেলার ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলোতে আশানুরূপ চিকিত্সা সেবা পেতে শুরু করেছে গরিবরা। কয়েকটি কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি বেশি । এখানে কোন টিকেট ঝামেলা নেই,নেই কোন টাকার লেনদেন। ফলে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী কিছুটা হলেও চিকিত্সা সেবা পেয়ে খুশি। পৌর এলাকার কেরোয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আয়শার সাথে আলাপ করে জানা যায়, এখানে ২৯ আইটেমের ওষুধ প্রদান করা হচ্ছে। প্রতিদিন এ ক্লিনিকে ৪০/৫০ জন রোগী চিকিত্সা নিতে আসে। আয়শার বক্তব্য, স্বাস্থ্যকর্মীরা একটু আন্তরিক হলে দরিদ্র,অসহায় গ্রামীণ মানুষ ভালোই চিকিত্সা সেবা পেতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ ইন্সেপেক্টর মোঃ দেলোয়ার হোসেন জানান, চিকিত্সা ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের সবচেয়ে কাছের সেবা। বর্তমানে উপজেলায় ৩২টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। তাছাড়া ৪টি ক্লিনিক নির্মাণাধীন রয়েছে। ৩৫জন সিএইচসিপির মধ্যে ২২ জন প্রশিক্ষণপ্রাপ্ত।