নানা আয়োজনে সারাদেশে মে দিবস পালিত

র্যালি, আলোচনা সভা ও সমাবেশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার সারাদেশে মহান মে দিবস পালিত হয়। এবারের মে দিবসের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশাল: সকাল ১০টার দিকে নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে। এর আগে আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসে র্যালি বের করে। অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভায় বক্তৃতা করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রমুখ।

খুলনা: বিভাগীয় শ্রম দপ্তর ও খুলনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর বয়রায় শ্রম অধিদপ্তর চত্বরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সিটি মেয়র ৫৭ অসহায় শ্রমিককে প্রায় ৩৭ লাখ টাকার চেক বিতরণ করেন।

রংপুর: সকালে নগরীর বিভিন্ন স্থান থেকে র্যালি এসে সমবেত হয় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে। রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী মহান মে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রংপুর টাউন হলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।

রাজশাহী: নগরীর ল্যাবরেটরি স্কুল থেকে জেলা প্রশাসনের র্যালি বর্ণালীর মোড়ে বিভাগীয় শ্রম অধিদপ্তরে শেষ হয়। জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের বিভাগীয় ও জেলার কর্মকর্তা, মহানগর শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

ময়মনসিংহ: জেলা প্রশাসন, জাসদ ও ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

গোপালগঞ্জ: জেলা মোটর শ্রমিক ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরে পৃথক দুটি র্যালি বের হয়। দুপুরে শেখ ফজুলুল হক মনি অডিটোরিয়ামে মে দিবস উপলক্ষে ইমাদ এন্টারপ্রাইজ (পরিবহনের) উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক।

এছাড়া জয়পুরহাট, নওগাঁ, নড়াইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, নাটোর, বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী, রংপুরের মিঠাপুকুর, মেহেরপুরের গাংনী, চট্টগ্রামের হাটহাজারী, রাজশাহীর বাগমারা ও গোদাগাড়ী, টাঙ্গাইলের নাগরপুর, দিনাজপুরের বিরামপুর, সুনামগঞ্জের ছাতক, চাঁদপুরের কচুয়া, কুষ্টিয়ার কুমারখালি, নাটোরের সিংড়া, নেত্রকোণার কলমাকান্দা, চুয়াডাঙ্গার দামুড়হুদা, পঞ্চগড়ের দেবীগঞ্জ, খুলনার পাইকগাছা, যশোরের বেনাপোল, কক্সবাজারের টেকনাফ, জামালপুরের সরিয়াবাড়ি, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, সিরাজগঞ্জের কামারখন্দসহ সারাদেশে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়।