ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নবদম্পতিকে বেত্রাঘাতের অভিযোগ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
সোমবার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ায় ইউপি চেয়ারম্যান তার লোক দিয়ে ঘরের দরজা বন্ধ করে নবদম্পতিকে বেত্রাঘাত করেছেন। এ ঘটনায় মঙ্গলবার চেয়ারম্যান ও এক চৌকিদারকে গ্রেফতার করে করে কোর্টে চালান দিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।
বর রিপন শেখ (৩৪) জানান, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী নিজের বাড়িতে ঘরের দরজা বন্ধ করে তাকে ও স্ত্রী নার্গিস আক্তারকে (২০) এই বেত্রাঘাত করে। তারা একে অপরকে ভালোবেসে সোমবারই ঢাকা জজকোর্টে নোটারি পাবলিকের কার্যালয়ে বিবাহ করেন। দু’জনই কাকালদি গ্রামের বাড়িতে ফিরে যান। বিষয়টি জানাজানির পর চেয়ারম্যান তাদের বাড়িতে ডেকে নিয়ে সালিশের নামে উভয়কে ২৫টি করে বেত্রাঘাতের রায় দেন এবং পরে নির্মমভাবে পেটান। বেত্রাঘাতে দু’জনই আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ঘরেই তাদের অভিভাবকরা শাসন করে ছেলে-মেয়ে দু’জনকে নিয়ে গেছেন। বর রিপন শেখ রাতেই সিরাজদিখান থানায় গিয়ে অভিযোগ করেন। সিরাজদিখান থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই হানিফ বলেন, ঘটনার পর রিপন শেখ চেয়ারম্যান আলিম আল রাজীকে প্রধান আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার চেয়ারম্যান আলিম আল রাজী ও চৌকিদার ফুলচানকে (৪২) গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে।