‘ডা. নূরুল ইসলামের অবদান জাতি চিরদিন মনে রাখবে’
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
জাতীয় ওষুধনীতি প্রণয়ন, ধূমপান বিরোধী সামাজিক আন্দোলন ও দেশে মেডিক্যাল শিক্ষায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চালু ও এগিয়ে নেয়ার ক্ষেত্রে জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলামের অবদান জাতি চিরদিন মনে রাখবে। তিনি ছিলেন দক্ষ প্রশাসক, সমাজ সংস্কারক, বৈজ্ঞানিক, গুণী চিকিত্সক ও শিক্ষক। কর্মবহুল জীবনের কারণে জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের কাছে জাতি চিরঋণী হয়ে থাকবে। পেশাগত জীবন ও প্রশাসনিক দিক থেকে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার ক্ষেত্রে তিনি বর্তমান প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলামের মৃত্যুতে আয়োজিত শোকসভায় বক্তারা একথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডা. এমআর খান, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, অধ্যাপক ডা. মজিবুর রহমান, অধ্যাপক ডা. তরিকুল ইসলাম, অধ্যাপক ডা. রশিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. জাফর এ লতিফ, অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, অধ্যাপক ডা. মাহমুদ হাসান (সভাপতি-বিএমএ), অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান (মহাসচিব-বিএমএ), অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া (প্রো-ভাইস চ্যান্সেলর শিক্ষা-বিএসএমএমইউ), অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান (কোষাধ্যক্ষ-বিএসএমএমইউ), অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. গোলাম কিবরিয়া, অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. হাসিনা বানু, অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ। বহুমুখী গুণের অধিকারী জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের কর্মময় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত জীবনীর ওপর আলোকপাত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত তার বক্তব্যে জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। -প্রেস বিজ্ঞপ্তি