সিলেটে পীরসাহেব চরমোনাই

শাবিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার ‘বাম-রামদের’ সিদ্ধান্ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসাবে সরকার ওলি-আউলিয়াদের পদভারে ধন্য পূণ্যভূমি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যের নামে একজন নাস্তিকের মূর্তি স্থাপন করার প্রস্তুতি নিয়েছে। এদেশের মুসলমানরা তা মেনে নেবে না। একজন মুসলমান বেঁচে থাকতে এখানে কোন মূর্তি স্থাপন করতে দেয়া হবে না। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য স্থাপনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সিটি পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। দলের জেলা সভাপতি সৈয়দ আকমল হোসেন এতে সভাপতিত্ব করেন। হরতালসহ ১৩ দিনের কর্মসূচি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে হরতালসহ ১৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ঐতিহ্য সংরক্ষণ ও ভাস্কর্য প্রতিরোধ আন্দোলন। কর্মসূচির শেষদিন ১৩ ফেব্রুয়ারি সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। গত সোমবার রাতে সংগঠনের এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১ ফেব্রুয়ারি শহরতলীর টুকেরবাজার তেমুখীতে মহাসমাবেশ, ৩ ফেব্রুয়ারি নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন এবং ২ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা সদরে মিছিল-সমাবেশ। প্রতিরোধ আন্দোলনের পক্ষে আজির উদ্দিন পাশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।