রামুতে নির্মিতব্য বৌদ্ধ বিহার পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

কক্সবাজারের রামুতে নির্মাণাধীন বৌদ্ধ বিহারের নির্মাণ কাজ গতকাল বুধবার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। প্রথমে উত্তর মিঠাছড়ি বিমুক্তি বির্দশন ভাবনা কেন্দ্রে তিনি যান। পরে তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহার, রামু মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ চিং ও চেরাংঘাটা বড় ক্যাং পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, রামুর সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত ও বর্তমানে নির্মিতব্য বৌদ্ধ বিহারগুলোকে পুরনো স্থাপত্য শৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পর্যটন কেন্দ্রের আদলে গড়ে তোলা হচ্ছে। এছাড়া বিহার আঙ্গিনাকেও দৃষ্টিনন্দন করে তুলতে সেনাবাহিনী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। সেনাপ্রধান বিহার পরিদর্শনকালে বৌদ্ধ নেতৃবৃন্দ ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।