চট্টগ্রামে চিহ্নিত সন্ত্রাসীদের
জামিনের হিড়িক
শামীম হামিদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৫
চট্টগ্রামে চিহ্নিত সন্ত্রাসীদের জামিন নিয়ে জেল থেকে বের হওয়ার হিড়িক পড়েছে। গত এক বছরে জামিন নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছে বিচারাধীন বিভিন্ন মামলায় কারাগারে আটক দুই শতাধিক সন্ত্রাসী।
জামিন পাওয়া এসব সন্ত্রাসীর বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় তিন থেকে ১৫টি মামলা রয়েছে। কারাগার থেকে বের হয়ে এরা আবার অবাধে অপরাধে জড়িয়ে পড়ছে। এদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলেও প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার করে থানা থেকেই ছেড়ে দেয়া হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, চলতি বছর জানুয়ারি থেকে পূর্ববর্তী ১২ মাসে ২০২ জন সন্ত্রাসী জামিন নিয়ে কারাগার থেকে বের হয়েছে। এদের মধ্যে প্রথম ছয় মাসে বের হয়েছে ৭৭ জন। বাকি ১০৫ জন জামিন পেয়েছে পরবর্তী ছয় মাসে। জামিনপ্রাপ্তদের প্রত্যেকেই কমপক্ষে তিনটি মামলার আসামি। নগরী ও জেলার বিভিন্ন থানায় ১০ থেকে ১৫টি মামলা রয়েছে, এমন আসামিও রয়েছে কয়েকজন। জামিনপ্রাপ্তরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে স্বীকৃত।
মকবুল আলম (২৫) নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। মকবুল গত ৯ আগস্ট জামিনে বের হয়। একই মাসের ৩১ তারিখে কারাগার থেকে বাইরে বেরিয়ে আসে ১২টি মামলার এক আসামি বায়েজীদ এলাকার সন্ত্রাসী মো. আবু তাহের।
চলতি মাসে মুক্তি পেয়েছে কুখ্যাত সন্ত্রাসী কায়সার মৌলবী। ডাকাতি, অস্ত্র ও দ্রুত বিচার আইনে এ সন্ত্রাসীর কারাভোগের মেয়াদ পূর্ণ হলেও জেলার চন্দনাইশ থানায় বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। মহানগর পুলিশের উপ-কমিশনার বনজ কুমার মজুমদার ইত্তেফাককে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হলেও আদালতে সাক্ষ্য দেয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন না করার কারণেই সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আসছে।