ঢাকা ভার্সিটিতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ চারজন আটক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রবেশকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও সহিংসতা থামেনি। তৃতীয় দিনের মত গতকাল বুধবারও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরিত হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে একটি বাসে। ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত অভিযোগে চার ছাত্রকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছে। ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগের মহড়া এবং বাইরে ছাত্রদলের প্রবেশ চেষ্টায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ভীতি ও শংকা ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। গ্রেফতার বা মামলা দায়ের করা হয়নি অস্ত্রধারী ছাত্রলীগ নেতার বিরুদ্ধেও। প্রক্টর অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ভোর থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া দেয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। ছাত্রলীগের অনেক নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছে বলে অভিযোগ। মঙ্গলবার স্যার এএফ রহমান হল এলাকায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তানজিল ভুঁইয়া তানভীরকে অস্ত্র হাতে দেখা যায়। কিন্তু গতকাল রাত পর্যন্ত তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। গণমাধ্যমে অস্ত্রহাতে তানভীরের ছবি প্রকাশিত হলেও বিষয়টি অস্বীকার করছেন ছাত্রলীগ নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় ছাত্রদল নেতা-কর্মীরা অবস্থান করছিল। পুলিশ ও ছাত্রলীগের কড়া অবস্থানের কারণে তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। ক্যাম্পাসে মহড়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জনতা ব্যাংকের ভাড়াকৃত বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঐ এলাকায় দুইটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি। বাস চালকের সহকারী রাজুকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্থানে ছাত্রদল ও শিবিরকর্মী সন্দেহে অন্তত চার ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পেটানোর পর ঐ ছাত্রদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। পরে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
অস্ত্রধারীর বিরুদ্ধে ব্যবস্থা নেই! :মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ছাত্রলীগ তানজিল ভুঁইয়া তানভীরকে। বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তিনি। তানভীর মঙ্গলবার ছাত্রদল নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। আগ্নেয়াস্ত্র হাতে সংবাদ মাধ্যমে তার ছবিও প্রকাশিত হয়েছে। কিন্তু গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ছাত্রলীগ তানভীরের হাতে অস্ত্র ছিল না দাবি করেছে।
এ প্রসঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লার কাছে জানতে চাইলে তিনি ‘এরকম কোনো ঘটনা ঘটেনি বলে’ মন্তব্য করেন। প্রক্টর বলেন, ছবিটি দেখেছি। বুধবার ঐ ছাত্রকে কোথাও দেখিনি। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তবে শিগগিরই হবে।”