স্মার্ট গার্মেন্টসের এমডি চেয়ারম্যান দুই দিনের পুলিশ রিমান্ডে
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
মোহাম্মদপুরে স্মার্ট এক্সপোর্ট গার্মেন্ট-সের চেয়ারম্যান জাকির আহমেদ ও এমডি শরিফ আহমেদকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার গোয়েন্দা পুলিশের এসআই হুমায়ুন কবিরের সাত দিনের আবেদনে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত। মঙ্গলবার রাতে ধানমন্ডির একটি বাড়ি থেকে চেয়ারম্যান জাকির ও এমডি শরিফকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ২৬ জানুয়ারি মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার স্মার্ট এক্সপোর্ট কারখানায় অগ্নিসংযোগের অভিযোগে নিহত নারী পোশাককর্মী রাজিয়ার বাবা আলতাফ হোসেন মামলা করেন। অগ্নিকাণ্ডে সাত নারী পোশাককর্মীর মৃত্যু ও অন্তত ১৫ জন আহত হন।