দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ‘সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার নীতি গ্রহণ করেছে’ অভিযোগ করে বলেছেন, বুলেটের মাধ্যমে নয়, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় ১৮ দল। শক্তি থাকার পরও ১৮ দল সংঘাতের পথে যাবে না। কারণ এই জোট দেশের গণতন্ত্র অব্যাহত রাখতে আন্দোলন করছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার সংঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারবে না। সময়মতো আন্দোলন জোরদার করা হবে। ঢাকা মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম প্রমুখ।