বরিশালে ঘর থেকে প্রধান শিক্ষকের লাশ উদ্ধার

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় গতকাল বুধবার রাতে মোজাম্মেল হোসেন মুন্সি নামের এক স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেয়া লাশ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি নগরীর এনায়েতুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মৃতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল মুন্সির স্ত্রী ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার রাতে স্ত্রীর সাথে তার মোবাইল ফোনে ঝগড়া হয়। গতকাল বুধবার সকালে সাড়া না পাওয়ায় এক পর্যায়ে ঘরের দরজা ভাঙ্গা হলে আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় মোজ্জামেল হোসেনের লাশ দেখতে পাওয়া যায়। কাউনিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।