নিরাপত্তার কারণে রুশদির কলকাতা সফর বাতিল
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩৭
নিরাপত্তার কারণে কলকাতা সফর বাতিল করেছেন বুকার পুরস্কার বিজয়ী লেখক সালমান রুশদি। তার লেখা ‘মিডনাইটস চিলড্রেন’-এর ওপর ভিত্তি তৈরি একটি চলচ্চিত্রের প্রচারণায় গতকাল বুধবার কলকাতায় আসার কথা ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রুশদির কলকাতা সফরের খবর শুনে গতকাল সকালে মুসলমানদের কিছু সংগঠন বিমানবন্দরে প্রতিবাদ সমাবেশ করে। তারা রুশদিকে কলকাতায় ঢুকতে দেবে না বলে জানায়। তবে এর আগে চলচ্চিত্রটির প্রচারণার জন্য তিনি দিল্লি, মুম্বাই এবং ব্যাঙ্গালুরে গিয়েছিলেন। দীপা মেহতা নির্মিত চলচ্চিত্রটির পরিবেশক সংস্থা পিভিআর সিনেমা। চলচ্চিত্রটির প্রচারণার উদ্দেশ্যে গতকাল একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল রুশদির। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে তার সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর দীপা মেহতাও তার কলকাতা সফর বাতিল করেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার জাভেদ শামীম বলেন, রুশদির আসার ব্যাপারে আমাদের আগে থেকে কিছু জানানো হয়নি।
মুসলমানদের দাবি, তার লেখা ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে। এটি তার চতুর্থ উপন্যাস। ১৯৮৮ সালে বইটি প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। ২০১২ সালেও একই কারণে তিনি জয়পুর সাহিত্য উত্সবে অংশ নিতে পারেননি।