নতুনদের গান শুনতে আমার বরাবরই ভালো লাগে :সাবিনা ইয়াসমিন

এর আগে তিনি ছিলেন চ্যানেল আইয়ের ‘সেরা কণ্ঠ’-এর বিচারক হিসেবে। এবারে নতুন আরেকটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন। বাংলাদেশের গানের কোকিলখ্যাত সাবিনা ইয়াসমিনের কাছে এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাজটা তো পরিবর্তন হচ্ছে না। নতুনদের সাথে ওদের গান শুনতে আমার দারুণ লাগে। আর এখানেও তো সই কাজটিই করছি। খুব ভালো একটা সময় কাটবে।’ কিন্তু বর্তমান সময়ে একাধিক স্যাটেলাইট চ্যানেলে একই ধরনের রিয়েলটি শো হচ্ছে। আদতে এর ভবিষ্যত কী? বা এতগুলো ছেলেমেয়েরা কোথায় যাবে? ভবিষ্যত কী? এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘না চ্যানেলগুলো তাদের ব্যবসা বা দর্শক ধরে রাখার জন্য যা কিছুই করছে তাতে তো কোনো ক্ষতি নেই। কারণ এই যে একটি প্লাটফর্ম করে দিচ্ছে এটিই বা কম কীসে। এতে হতাশার কোনো কারণ নেই। কারণ আমাদের সময় বা তার পরের প্রজন্মও কিন্তু এই সুযোগটা পায়নি। এখন যে যার মেধা নিয়েই এগিয়ে আসবে। এই রিয়েলিটি শোগুলো ছেলে-মেয়েদের ভেতরে এক ধরনের স্বপ্ন তৈরির সুযোগ করে দিচ্ছে। এরপর প্রতিযোগিতায় নিজেদের মেধাতেই যে যার মতো এগিয়ে আসবে।’ আগামী টানা কয়েকমাস ধরেই ‘গর্ব’ নামের এই রিয়েলিটি শোতেই থাকবেন গানের কোকিল সাবিনা ইয়াসমিন। এ ছাড়া খুব শিগগিরই তার কণ্ঠে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবামসহ নতুন সলো অ্যালবাম প্রকাশ পাবে বলে জানান তিনি।