মিলানে সুখী হতে চান বালোতেল্লি

ইতালির স্ট্রাইকার মারিও বালোতেল্লি জানিয়েছেন নিজের ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতেই তিনি এসি মিলানে যোগ দিয়েছেন। মিলানের দলটির হয়ে ভাল কিছু করারও প্রতিশ্রুতি দেন তিনি। বালোতেল্লি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে ঘটনাবহুল আড়াই মৌসুম শেষে গত বুধবার প্রায় তিন কোটি ডলারের বিনিময়ে ইতালির বিখ্যাত এ দলটির সাথে চুক্তি স্বাক্ষর করেন। ২০১০ সালে ইন্টার মিলান থেকে দুই কোটি ২০ লাখ ইউরোতে ম্যান সিটিতে যোগ দিয়েছিলেন তিনি। স্ট্রাইকারটি আবার ইতালিতে আগমন সম্পর্কে বলেন,‘সিটির হয়ে এ মৌসুমে আমার শুরুটা ভাল হয়নি। তাই মিলানের হয়ে আমি আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই। এবং অবশ্যই ভাল কিছু করতে চাই। ’ মিলানের প্রতি তার ভালবাসা নতুন নয় দাবি করে এই ২২ বছর বয়সী বলেন,‘আমি বহুদিন ধরেই মিলানের হয়ে খেলার স্বপ্ন দেখছি। কিন্তু এতদিন সেটি সম্ভব হয়নি কারণ আমি অন্য দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম। তাই সুযোগ পাওয়া মাত্রই আমি সেটি লুফে নিয়েছি। আমি আশাবাদী মিলান আবারও একটি শীর্ষমানের ক্লাবে পরিণত হবে।’ বালোতেল্লির এসি মিলানে যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে ম্যানসিটির পক্ষ থেকেও। গতকাল ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানায়,‘ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে মারিও বালোতেল্লি এসি মিলানে যোগ দিয়েছেন। আজ(গতকাল) সকালে মিলানে তার মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।’