বস্ত্রখাতের প্রভাবে শেয়ারবাজারের
লেনদেন বেড়েছে
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
বস্ত্রখাতের কোম্পানিগুলোর লেনদেনের প্রভাবে গতকাল শেয়ারবাজারের লেনদেন বেড়েছে। বেড়েছে উভয় বাজারের সূচকও। এদিকে বস্ত্রখাতের পাশাপাশি জ্বালানি খাতের কোম্পানিগুলোরও লেনদেন বেড়েছে। এদিকে বাজারে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বাড়লেও তুলনামূলকভাবে লেনদেন হচ্ছে খুব কম। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৯৮ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, একসময় যেখান বাজারে লেনদেন ছিল তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা সেখানে এই লেনদেন খুবই কম। এদিকে লেনদেন কমে যাওয়ায় বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বেশ চাপের মুখে রয়েছে। অনেকেই ব্যয়ের চাপ সামলাতে না পেরে জনবল ছাঁটাইও করছেন। আর আয় কমে যাওয়ায় ব্রোকারেজ হাউসগুলোর নিজস্ব বিনিয়োগও কমে গেছে। এ অবস্থায় লেনদেন বাড়াতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতে হবে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৩০ পয়েন্ট আর ডিএসই-৩০ মূল্যসূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ২৬৭টি কোম্পানির ৮ কোটি ৯ লাখ ৯৩ হাজার ২৪৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ২৯৮ কোটি ১১ লাখ ১৭ হাজার ৯২৫ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৯৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোম্পানি হলো-সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, সায়হাম কটন, পূবালী ব্যাংক, ইউনিক হোটেল, আর এন স্পিনিং, তাল¬ু স্পিনিং, জেনারেশন নেক্সট, ডেল্টা স্পিনিং ও সায়হাম টেক্সটাইল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সানলাইফ ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, এফএএস ফাইন্যান্স, বিডি কম, ডেফোডিল কম্পিউটারস, ফাইন ফুডস, সায়হাম কটন, ইনটেক অনলাইন, সায়হাম টেক্সটাইল ও এফবিএফআইএফ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ডেল্টা স্পিনিং, মিথুন নিটিং, ২য় আইসিবি, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, বীকন ফার্মা, রিলায়েন্স ১, প্রাইম লাইফ, মেঘনা পেট্রোলিয়াম ও মুন্নু সিরামিকস।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১২ হাজার ৯২০ পয়েন্টে। আর সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ২৭২ টাকা। লেনদেনকৃত ১৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত ছিল ২৪টির শেয়ারের দাম।
গত বুধবার বিনিয়োগকারী সম্মিলিত ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নেতৃবৃন্দের সাথে সাক্ষাত্ করে ১৬ দফা দাবি পেশ করা হয়। এসময় বিএমবিএ সভাপতি মোহাম্মদ এ হাফিজ ছাড়াও পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সরকার, ব্যাংক ও বীমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করা এবং বিনিয়োগকারীদের জন্য ১৫দিন পর প্রশিক্ষণের ব্যবস্থা করা।