সাগরে দস্যুতা বৃদ্ধির প্রতিবাদে
কক্সবাজারে মাছ ধরা বন্ধ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৩
সাগরে জলদস্যুতা বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার থেকে কক্সবাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি ও মত্স্য ব্যবসায়ী সমিতি এ ধর্মঘট আহবান করে। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ জানান, সাম্প্রতিককালে কক্সবাজার বঙ্গোপসাগরে জলদস্যুদের উত্পাত ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। জলদস্যুদের গুলিতে অনেক মাঝিমাল্লা নিহত ও পঙ্গু হয়েছে। ট্রলারসহ অনেক মাঝিমাল্লাকে অপহরণ করা হয়েছে। এখনও শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। তাদের ভাগ্যে কী ঘটেছে কেউ বলতে পারছে না। জলদস্যুদের তত্পরতা বন্ধে প্রশাসনেরও কোন ভূমিকা দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ট্রলার মালিক ও ব্যবসায়ীরা এ ধর্মঘট আহবান করেছে।
কক্সবাজার মত্স্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম কোম্পানী জানান, সাগরে গেলে জানমাল সব হারাতে হয়। তাই জেলেরা সাগরে যেতে ভয় পাচ্ছে। এসব কারণে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাগরে মাছ ধরা এবং কেনাবেচা বন্ধ থাকবে।