আন্দোলনের হুমকি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা যাবে না

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পুলিশ পিটিয়ে, হরতাল, বিশৃঙ্খলা করে, আন্দোলনের হুমকি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা যাবে না। দেশের প্রতিটি গ্রাম থেকে যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর খুঁজে বের করে পর্যায়ক্রমে বিচার করা হবে। জনগণকে সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধের বিচারের পক্ষে সারা বিশ্বের সমর্থন আছে। তাই দুনিয়ার কোনো অপশক্তি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না। বুধবার রাজশাহীর তানোর উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।