২১ কোটি টাকা আত্মসাত্

নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

২১ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তা ও এক পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের (অনুসন্ধান ও তদন্ত-২) উপ-পরিচালক মো: আবু সাঈদ আহম্মেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- সোনালী ব্যাংক সাবেক মহিলা শাখার (বর্তমানে ফরেন এক্সচেঞ্জ) ব্যবস্থাপক আব্দুস সামাদ, সাবেক অফিসার আবু হানিফ বেপারী, প্রিন্সিপাল অফিসের সাবেক ডিডিএম জিএম বাকী বিল্লাহ এবং শহরের টানবাজার এস এম মালেহ রোড এলাকার মেসার্স ইউরো ফ্যাশন ওয়ার প্রোপাইটার জসিমউদ্দিন সরকার। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে ঋণ নিয়ে পরিশোধ না করে ২১ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাত্ করেন। টাকা আত্মসাতে সহায়তা করেন ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ ব্যাংকের উল্লেখিত তিন কর্মকর্তা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মামলাটি দুদক তদন্ত করবে ।