লোহাগড়ায় ছাত্রীর ছবি তোলা নিয়ে সংঘর্ষ:নিহত ১

নড়াইলের লোহাগড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল ছাত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে শামুকখোলা গ্রামের রিপন ও রাজু আড়পাড়া গ্রামের নাজমুল মোল্যার মেয়ে নাজনীনের ছবি মোবাইল ফোনে ধারণ করে। ছবি তোলার ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। বিকালে অনুষ্ঠান শেষে আড়পাড়া গ্রামের শোভায়েত রহমান ইউনিয়ন বোর্ড অফিসে যাওয়ার পথে শামুকখোলা গ্রামের লোকজন তাকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় আড়পাড়া গ্রামবাসীদের সাথে পার্শ্ববর্তী শামুকখোলা, চর-শামুকখোলা, নোয়াগ্রাম ও মাধবহাটি গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আড়পাড়া গ্রামের সিরাজুল ইসলাম সিরু মোল্যাকে (৪০) প্রতিপক্ষের লোকজন বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত সিরুকে প্রথমে লোহাগড়া পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।