শিবচরে ভিপি সম্পত্তি রেজিষ্ট্রির অভিযোগ

মাদারীপুরের শিবচর সাব-রেজিস্টার অফিসে কিছুদিন ধরে ভিপি সম্পত্তি দলিলমূলে ক্রয়-বিক্রয় করে নজির সৃষ্টি করেছেন সাব-রেজিস্ট্রার, অফিস সহকারী ও দলিল লেখক। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, শিবচর সাব-রেজিস্ট্রার মো. নুরুল হক মিয়া শিবচরের গোয়ালকান্দা মৌজার ১৬৫ নং খতিয়ানের ৭৩১ দাগের বিআরএস ১২৪ ও ৫০৬ খতিয়ানের বিআরএস ৮০৫ দাগের মোট ভিপি ২.৮১ শতাংশ জমির মধ্য থেকে ৪১ শতাংশ জমি প্রায় ৩ লাখ টাকার বিনিময়ে মো. সামসুল আলমগংয়ের কাছে দলিলমূলে বিক্রি করেন। একই মৌজার ২৬ নং খতিয়ানের ৭৬৮,৭৬৯,৭৭০ দাগের বিআরএস ৫০৬ খতিয়ানের ৮০৫ দাগের ১.১৬ শতাংশ ভিপি জমির মধ্যে ২৮ শতাংশ জমি শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মিজানুর রহমান গংয়ের কাছে দলিলমূলে বিক্রি করে দিয়েছেন। শিবচর সাব-রেজিস্ট্রার মো. নুরুল হক মিয়ার দুর্নীতির বিরুদ্ধে কাইয়ুম খান ১২ নভেম্বর ঢাকার ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার (আইজি আর) এর বরাবরে একটি অভিযোগ দাখিল করলে কর্তৃপক্ষ মাদারীপুর জেলা রেজিস্ট্রার মির্জা মো. আতাহারকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে ঘটনার তদন্তের নির্দেশ দেন। সে মোতাবেক মাদারীপুর জেলা রেজিস্ট্রার ২০ ডিসেম্বর ব্যাপক তদন্ত চালিয়ে ঘটনার সত্যতা পান । এ ব্যাপারে শিবচর সাব-রেজিস্ট্রার মো. নুরুল হক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু জানার থাকলে তা তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে পারেন ।