মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা
ব্যাংকে নিশ্চিত
করার সুপারিশ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:৫৭
মুক্তিযোদ্ধারা যাতে সম্মানী ভাতা যেকোন কার্যদিবসে নিজে অথবা মনোনীত ব্যক্তির মাধ্যমে ব্যাংক থেকে উত্তোলন করতে পারেন তা নিশ্চিত করতে বলেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটি মন্ত্রণালয়কে এ সুপারিশ করেছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ব্যাংক থেকে উত্তোলনের ব্যাপারে যে সমস্যা রয়েছে কমিটি মনে করে মন্ত্রণালয়ের মাধ্যমেই এর সমাধান সম্ভব।
মুজিবনগর কমপ্লেক্সের অসামঞ্জস্য নিরসনে বুয়েটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় সাধনের পরামর্শ দেয়া হয়েছে। নিয়মিত তত্ত্বাবধানের মাধ্যমে নতুন প্রকল্পের ত্রিমাত্রিক মডেল দ্রুত সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। দেশের বিভিন্ন উপজেলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কার্যক্রমের সঠিক কার্যপদ্ধতি মূল্যায়নের লক্ষ্যে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও সুপারিশ প্রদানের জন্য তিন সদস্যবিশিষ্ট সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, এ.কে.এম রহমতুল্লাহ এবং শওকত মোমেন শাহজাহান বৈঠকে অংশগ্রহণ করেন।