যৌথ সমীক্ষা দলের বৈঠক ঢাকায় আজ শুরু

টিপাইমুখ জলবিদ্যুত্ প্রকল্প নিয়ে যৌথ সমীক্ষা দলের দুইদিনব্যাপী বৈঠক আজ শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে। বরাক নদীর ওপর টিপাইমুখ জলবিদ্যুত্ প্রকল্পে বাংলাদেশ-ভারত যৌথ সমীক্ষার কর্মপদ্ধতি চূড়ান্ত করতে দুই দেশের বিশেষজ্ঞ দল এ বৈঠকে অংশ নিচ্ছে। বৈঠকে বাংলাদেশ পক্ষের সমীক্ষার কর্মপদ্ধতি চূড়ান্ত করা হবে। টিপাইমুখের যৌথ সমীক্ষা দলের এবং গঙ্গার যৌথ কমিটির বৈঠকে বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নিবে। অন্য সদস্যরা হলেন পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞানের প্রধান প্রকৌশলী মো. আনসার আলী মিয়া, যৌথ নদী কমিশনের পরিচালক আহসান উল্যাহ ও নির্বাহী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাহমিদা খাতুন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। ভারতীয় দলের নেতৃত্ব দিবেন কমিশনার (গঙ্গা) এন কে মাথুর। সদস্যরা হলেন ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অর্থ বিষয়ক উপদেষ্টা সুনিল কোহলি, যুগ্ম কমিশনার (গঙ্গা) টিএস মেহরা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন প্রতিনিধি এবং ডেপুটি কমিশনার (গঙ্গা) এমএস ভমরা।