রংপুরে নিজেদের তৈরি
সুড়ঙ্গে মাটি চাপায়
৩ কিশোরের মৃত্যু
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:১৯
রংপুরে নিজেদের তৈরি করা সুড়ঙ্গে মাটি চাপা পড়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর শহরের মাহিগঞ্জ বালাটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার ভ্যানচালক আজাদ মিয়ার ছেলে লিমন (১৭), সিরাজ মিয়ার ছেলে শাকিল (১৬) ও সুন্দর আলীর ছেলে বাপ্পী (১৫)।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রের দেওয়া তথ্যমতে, লিমন, শাকিল, বাপ্পীসহ বালাটারী এলাকার বেশ কয়েকজন যুবক ওই এলাকার একটি বাঁশ ঝাড়ের পাশে মাটির সুড়ঙ্গ তৈরি করে সেখানে প্রতিদিনই জুয়া খেলতো, নেশা করতো।
গতকাল সকালে শাকিল বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় পরও ফিরে না আসায় তার মা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তিনি ওই বাঁশ ঝাড়ের পাশে গেলে সুড়ঙ্গের উপরে শাকিলের স্যান্ডেল দেখতে পান। পরে সুড়ঙ্গের মুখে বিছিয়ে রাখা খড় সরিয়ে ভেতরে ধসে পড়া মাটির স্তূপ দেখে তিনি চিত্কার দেন। আশপাশের লোকজন ছুটে এসে মাটি সরিয়ে সুড়ঙ্গের ভেতর থেকে লিমন ও বাপ্পীকে মৃত অবস্থায় এবং শাকিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই সুড়ঙ্গ থেকে সিগারেট, নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে। কোতয়ালী থানার ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, সুরঙ্গের ভেতরে বসে ওই কিশোররা জুয়া খেলতো, বিভিন্ন ধরনের নেশা করতো বলে পুলিশ জানতে পেরেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিজ নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।