ভাষা শহীদদের প্রতি
জেপির শ্রদ্ধা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:২০
অমর একুশে উপলক্ষে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বাণী দিয়েছেন। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, পহেলা ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত মাস। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে ভাষা আন্দোলনে শাহাদাত্ বরণ করেন বরকত, সালাম, রফিক, জব্বার, শফিউদ্দিনসহ নাম জানা অজানা অনেকে। ভাষা আন্দোলনের এই মাসে ভাষার দাবিকে সামনে নিয়ে বাঙালিরা সংগ্রামের যে পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন, তারই পথপরিক্রমায় একদিন এ দেশের জনগণ গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এজন্যই ভাষা আন্দোলনকে বলা হয় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সূচনালগ্ন।
এই বছরের ফেব্রুয়ারি মাস আমাদের সামনে এসেছে দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে। আমরা এই ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মাসে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি অমর ভাষা শহীদদের আর গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ভাষা সৈনিকদের প্রতি, যারা সেদিন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে এই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় অধ্যায় এবং এই মহান ফেব্রুয়ারি মাসে আমাদেরকে উদ্বুদ্ধ করে দেশপ্রেমের অজেয় শক্তিতে। আমরা সকৃতজ্ঞ বাঙালি জাতি মহান ভাষা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগের দ্বারা উজ্জীবিত হই। এই মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দেশ ও জাতির জন্য আত্মোত্সর্গ কোনদিন বিফলে যায় না।