চট্টগ্রামের একমাত্র সমস্যা জামায়াত-শিবির

জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেয়া ভাষণের ওপর আলোচনা বুধবার শুরু হয়েছে। চীফ হুইপ আব্দুস শহীদ ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনলে তা সংসদে গৃহীত হয়। প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম বিএসসি বলেন, চট্টগ্রামে কোন সমস্যা নেই। একমাত্র সমস্যা শিবির। রোহিঙ্গারা জামায়াতের সমর্থক হয়ে এখানে এসে অলিগলিতে ঢুকে পড়ে। তারা চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারে। হঠাত্ করে মিছিল নিয়ে তারা রাস্তায় নেমে গাড়ি ভেঙ্গে পালিয়ে যায়। জাসদের সদস্য শাহ জিকরুল আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। ৪০ বছর পর জামায়াত-শিবির একই বার্তা দিচ্ছে। তিনি নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জামায়াত-শিবিরকে নির্মূল করতে হবে। এদিকে, বুধবার সংসদে মোট তিনটি বিল উত্থাপিত হয়েছে। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) এ,কে খোন্দকার পরিসংখ্যান বিল-২০১৩, পাট ও বস্ত্রমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বিল-২০১৩, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া ইসলামিক ফাউন্ডেশন বিল-২০১৩ উত্থাপন করেন। বিল তিনটি উত্থাপনের পর সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।