নয় দিনেও সন্ধান মেলেনি ইবি ছাত্রলীগ নেতা সাইফুলের

৯ দিনেও সন্ধান মেলেনি ঢাকা থেকে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের। সাইফুলকে উদ্ধারের দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এদিকে সাইফুল গুম হওয়ার ঘটনায় পুলিশ এখনো পুরোপুরি অন্ধকারে রয়েছে। গুমের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা জুয়েল ও ছাত্রলীগ কর্মী রানাকে ডিবি পুলিশ গ্রেফতার করলেও সাইফুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এক্ষেত্রে পুলিশ দু’জনকে আটক করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠালেও আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে। সূত্র মতে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বঙ্গবন্ধু হল শাখার সভাপতি সাইফুল ইসলাম গত ২২ জানুয়ারি রাতে ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হন। ইবি ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি প্রার্থী হিসাবে বায়োডাটা জমা দিতেই সাইফুল ঢাকায় যান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন ‘সাইফুল নিখোঁজ হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।