সিরাজগঞ্জে আগামীকাল প্রধানমন্ত্রী বিদ্যুত্প্লান্ট ও সেতুর উদ্বোধন করবেন

আগামীকাল সিরাজগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় প্রায় ৮শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট বিদ্যুত্ কেন্দ্র ও উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীর উপর ৪৪ কোটি ব্যয়ে নির্মিত ৩৪৭.২৯৫ মিটার দীর্ঘ খান সোনতলা সেতুর উদ্বোধন করবেন। বিদ্যুত্ কেন্দ্রটির প্রকল্প পরিচালক এটিএম জাহাঙ্গীর কবির বলেন, গত বছরের ১৯ অক্টোবর থেকে ১০ একর জায়গার ওপর নির্মিত বিদ্যুত্ কেন্দ্রটিতে পরীক্ষামূলক উত্পাদন শুরু হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু হবে। গত বছরের ৯ এপ্রিল তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলম বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর খান সোনতলা সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই সেতুটি নির্মাণের ফলে তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি ও এনায়েতপুর উপজেলার সাথে উল্লাপাড়া উপজেলার ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়ন হবে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও দলীয় নেতারা দফায় দফায় ওই এলাকা পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন। সিরাজগঞ্জ সফর শেষ করে ওইদিন বিকালে প্রধানমন্ত্রী পাবনার উদ্দেশ্যে রওনা হবেন।