বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের পরিবহন সেক্টরে চলছে ১০ নম্বর সিগন্যাল। তিনি বলেন, বর্তমানে দেশে ৭ নম্বর বিপদ সংকেত চলছে। যখন দেশে ঘূর্ণিঝড় আসে তখন সরকার মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আমাদেরও সেই ব্যবস্থা নিতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সাম্প্রতিক সময় পরিবহন সেক্টরে বিভিন্ন সমস্যাবলী নিয়ে মালিক শ্রমিক নেতাদের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, আগের তুলনায় পরিবহন সেক্টরে অনেক পরিবর্তন ঘটেছে। কোনো সড়কে চাঁদাবাজি করা যাবে না। কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুই কারণে এই সেক্টরে ধস নামবে। এক-দুর্ঘটনা, দুই-চাঁদাবাজি। আমরা দুর্ঘটনা এবং চাঁদাবাজি দুটোই কমাতে চাই।