রাজীবপুরে গ্রামীণ সচেতনতামূলক মেলা
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৪
বেসরকারি সংস্থা আরডিআরএস’র সিএলপি (চর জীবিকায়ন কর্মসূচি) এর উদ্যোগে কর্মসূচির উপকার ভোগী, নদী বিধৌত চরাঞ্চলের মানুষের দারিদ্র্য হ্রাসকরণ এবং কর্মসূচির এলাকাভুক্ত দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের জীবিকায়নে নিরাপত্তা প্রদানের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘গ্রামীণ সচেতনতামূলক মেলা’ আয়োজন করা হয়। শুক্রবার রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন কোদালকাটি সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ওই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপকার ভোগীরা অংশগ্রহণ করে। মেলার লক্ষ্য ও উদ্দেশ্য হলো চরাঞ্চলের দরিদ্র মানুষের মাঝে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, পুষ্টি চাহিদা নিশ্চিতকরণ, বসত-ভিটায় সারা বছরব্যাপী সবজির চাষ, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে টিউবওয়েল স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। অনুষ্ঠিত ওই গ্রামীণ মেলায় কোদালকাটি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোদ্দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কুড়িগ্রাম জেলা সামাজিক উন্নয়ন ব্যবস্থাপক শফিকুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার রিতরণ করা হয়।