বরগুনায় কৃষক র্যালি

সেচ ব্যবস্থার সুযোগ সৃষ্টি করে কৃষি উত্পাদন বাড়ানোর দাবিতে সম্প্রতি বরগুনার মাঠ পর্যায়ের কৃষকেরা র্যালী, র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মুখে নীরব অবস্থান এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। অক্সফার্মের অর্থায়নে পরিচালিত গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান নেটওয়ার্ক (সিএসআরএল) স্থানীয় বেসরকারি সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব কোস্টাল এরিয়াস পিপল (ডোক্যাপ) এর মাধ্যমে বাস্তবায়িত “ইনহ্যান্সিং ইরিগেশন অপরচুনিটি ফর বুসটিং এগ্রিকালচারাল প্রোডাকশন ইন বরগুনা ডিস্ট্রিক্ট” প্রকল্পের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। মাঠ পর্যায়ের কৃষক, গণমাধ্যম কর্মী, সিভিল সোসাইটি এবং এনজিও কর্মীদের অংশগ্রহণে র্যালীটি বরগুনা প্রেসক্লাবের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে শেষ হয়। এরপর কৃষকেরা সেচ ব্যবস্থা উন্নয়নের দাবিতে উপজেলা পরিষদের সম্মুখে নীরব অবস্থান করে এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।