ব্যবধান বাড়াতে চায় ইউনাইটেড
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫০
পয়েন্ট তালিকায় তারাই শীর্ষে; আর এই অবস্থান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ। দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে অ্যালেক্স ফার্গুসনের দল সাত পয়েন্টে এগিয়ে রয়েছে। লিগের গুরুত্বপূর্ণ সময় চলছে। আর এই মুহূর্তে পা হড়কাতে চায় না রেড ডেভিলরা। এমন পরিস্থিতিতে আজ শনিবার ম্যানইউ মুখোমুখি হচ্ছে ফুলহ্যামের। এই ম্যাচ জিতে ফার্গুসন বাহিনী দশ পয়েন্টে এগিয়ে যেতে চাইবে নগড় প্রতিদ্বন্দ্বী সিটি থেকে।
ফার্গুসনের দল গত বুধবার ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে সিটি থেকে সাত পয়েন্টে এগিয়ে যায়।
সিটি আগামীকাল রবিবার ইত্তিহাদ স্টেডিয়ামে লিভারপুলের মুখোমুখি হবে। ম্যানইউ ক্যারাভান কটেজে আজকের ম্যাচটিতে মানসিকভাবে এগিয়ে যেতে পারে। জয় পেলে পয়েন্টের ব্যবধান এবং মানসিকভাবে অনেকটাই এগিয়ে যাবে ইংলিশ ফুটবলের অন্যতম সফল দল ম্যানইউ।
যদিও সাউদাম্পটনকে হারাতে ম্যানইউর খেলোয়াড়দের বেগ পেতে হয়েছে। ম্যানইউ অধিনায়ক নেমাঞ্জা ভিডিচ জানান পয়েন্ট অর্জন করতে মরিয়া তারা। তিনি বলেন, ‘মৌসুমের এই সময়ে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। আগে যা চলে গেছে তা ভুলে যেতে চাই। দৃষ্টি দিতে চাই পরবর্তী ম্যাচে। কোন কিছু শেষ হয়নি। অনেক পথ যেতে হবে। কিন্তু তারপরও আমরা ভাল অবস্থানে রয়েছি।’
ম্যানইউ ও ফুলহ্যাম গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিল। ভিডিচের দল একতরফাভাবে ৪-১ গোলে ম্যাচটি জিতে নেয়। ফুলহ্যাম গত বুধবার ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে হারায়।
চেলসি, টটেনহ্যাম, আর্সেনাল ও লিভারপুল সপ্তাহের মাঝামাঝি সময়ে পয়েন্ট হারিয়েছে। এভারটন অবশ্য নিজেদের মাঠে ২-১ গোলে জয় পেয়েছিল ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়নের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের জায়গা পেতে ন্যূনতম এক পয়েন্ট দরকার তাদের। এদিকে টটেনহ্যামের খেলা রবিবারে এবং তাদের লড়াই স্বাগতিক ওয়েস্টব্রুমের বিপক্ষে।
আর্সেনাল নিজেদের মাঠে আজ স্টোকসিটির মুখোমুখি হবে। আর্সেন ওয়েঙ্গারের দল ৬ষ্ঠ স্থানে রয়েছে পয়েন্ট টেবিলে। পঞ্চম স্থানে থাকা এভারটন থেকে তিন পয়েন্ট পেছনে গানাররা। গত বুধবারে আর্সেনাল ২-২ গোলে ড্র করে লিভারপুলের সাথে। ওয়েঙ্গার বলেন, ‘আমরা ফুটবলে মনোযোগী হতে চাই। আমরা প্রতিপক্ষের বিপক্ষে আর কি করতে চাই। বিশ্বাস করি এখানে মান রয়েছে। আস্থা রাখতে হবে এবং ভুলে যেতে হবে অতীতে কি হবে।’
তৃতীয় স্থানে থাকা চেলসি গত বুধবার ২-২ গোলে ড্র করে রিডিংয়ের বিপক্ষে। ম্যাচটি হতাশার ছিল তাদের। কারণ দুই গোলে এগিয়ে থেকে আবার দুই গোল হজম করাটা কষ্টের বিশেষ করে রেলিগেশন হুমকির মুখে থাকা রিডিংয়ের বিপক্ষে।
নিউ ক্যাসলে যাবে আজ চেলসি। চেলসির অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ বলেন, ‘আমরা সবাই এটা দায়িত্বের সাথে নিচ্ছি। আমরা কাউকে দোষ দিতে চাই না। এটা আমাদের গবেষণা করতে হবে ম্যাচটা আমরা কিভাবে বাঁচাবো এবং কাজ করতে হবে ও ভুল করা বন্ধ করা যাবে না।’
মৌসুমের এখনো ১৪টি ম্যাচ রয়েছে। রিডিং অবনমনের ভয়ে রয়েছে। এক ধাপ ওপরে তারা। উইগান ও ভিলা একই পয়েন্ট নিয়ে রেলিগেশনে রয়েছে গোল ব্যবধানের জন্য।
আজকের ম্যাচ
কুইন্স পার্ক রেঞ্জার্স-নরউইচ সিটি
আর্সেনাল - স্টোক সিটি
এভারটন - অ্যাস্টন ভিলা
নিউ ক্যাসল - চেলসি
রিডিং রয়্যালস - স্যান্ডারল্যান্ড
ওয়েস্টহ্যাম - সোয়ানসি সিটি
উইগান অ্যাথলেটিক- সাউদাম্পটন ইউনাইটেড
ফুলহ্যাম - ম্যানচেস্টার ইউনাইটেড
আগামীকালের ম্যাচ
ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন-টটেনহ্যাম
ম্যানচেস্টার সিটি-লিভারপুল